দাঙ্গা প্রবণ এবং সীমান্তবর্তী জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতে মাদক চোরাকারবার এবং বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। দেশের সীমান্ত ঘেষা অন্যতম জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেলার পুলিশ সুপার হিসেবে অর্ধবৎসর যাবত দায়িত্ব পালন করে যাচ্ছেন ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দাঙ্গা নিধনে জেলা জুড়ে দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করে যোগদানের ছয় মাসের মধ্যেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন জেলার সাধারণ মানুষজনের মাঝে।
আসন্ন ইদুল আযহা, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিকল্পনাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে কথা বলতে তার মুখোমুখি হয়েছিলেন তেপান্তরের বিশেষ প্রতিবেদক মোস্তাফিজ চৌধুরী।
তেপান্তরঃ শুভ অপরাহ্ন, কেমন আছেন?
মোহাম্মদ শাখাওয়াত হোসেনঃ শুভ অপরাহ্ন, ভাল আছি।
তেপান্তরঃ গত কিছুদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে দাঙ্গা নিধনে দেশীয় অস্ত্র (যেমন রাম দা,টেটা-বল্লম ইত্যাদি) উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে, উক্ত অভিযানে কিরকম সাড়া পাচ্ছেন,কতটুকু ফলপ্রসূ হচ্ছে এই অভিযান সমূহ?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ আমরা সর্বাত্মক চেষ্টা করছি দাঙ্গা নিধনের জন্য, দেশীয় অস্ত্র উদ্ধার কর্মসূচি ফলপ্রসূ হচ্ছে।
তেপান্তরঃ অভিযান সফল করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন কি?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ প্রত্যেকেই সহযোগিতা করছেন।
তেপান্তরঃ জেলা জুড়েই দাঙ্গা বা ঝগড়ায় উস্কানিদাতা হিসেবে স্বাবলম্বী প্রবাসীরা অন্যতম ভূমিকা পালন করে আসছে,এবং দাঙ্গা চলমান রাখতে আর্থিক সহায়তাও প্রদান করে থাকে তারা, এক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই,তবে আমরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করা দরকার সবকিছুই করছি।
তেপান্তরঃ জেলার দাঙ্গা প্রবণ গ্রামগুলোতে গত পনের বছরে দেখা গেছে প্রত্যেক ইদের ছুটিতেই বড় ধরনের দাঙ্গা বেধে থাকে, এর একটা মূল কারণ হচ্ছে ইদের ছুটিতে জীবিকার তাগিদে এবং শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যারা এলাকার বাহিরে থাকেন তারা এলাকায় সমবেত হলে দাঙ্গায় ফুয়েল পায় যার কারণে বড় ধরনের দাঙ্গা বেধে যায় এবং উভয় পক্ষে নিহত ও মারাত্মক আহতের ঘটনা ঘটে, এমনকি দাঙ্গা দমন করতে যেয়ে পুলিকেও জীবন দিতে হচ্ছে, আহত হচ্ছে। জেলা পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বত্র জাগ্রত।
তেপান্তরঃ জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, আগামী ২৯ জুন ইদুল আযহা তথা কুরবানির ইদ। ইদকে ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কুরবানির পশুর হাট বসবে, হাটগুলোর সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করছে?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ যেকোন ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রস্তুত, ইদ কিংবা কুরাবানির পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোন সুযোগ নেই।
তেপান্তরঃ লক্ষণীয়, জেলা শহরে চুরি ছিনতাইসহ কিশোর অপরাধ বেড়ে গেছে,কুরবানির পশুর হাটকে ঘিরে ছিনতাই আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে সাধারণ জনগণ। চুরি ছিনতাই রোধে জেলা পুলিশের অবস্থান ও পরিকল্পনা কি?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ চুরি ছিনতাই রোধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে, জনসাধারণের আশঙ্কার কিছু নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
তেপান্তরঃ সম্প্রতি জেলা জুড়ে গবাদিপশু বিশেষ করে গরু চুরির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, এবং সাধারণ খামারীরা ইদকে কেন্দ্র করে গরু চুরি আরও বেড়ে যাবে বলে শঙ্কিত। অনেকেই দাবি করছে এটা একটা চক্র,জেলা পুলিশ গরু চুরি চক্রের মূলে যেতে পেরেছে কি?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এখন কিন্তু গরু চুরি নাই বললেই চলে, তবে আমাদের কাজ অব্যাহত রয়েছে।
তেপান্তরঃ গত দশ এবং এগারো জুন জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়,ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে এবং গুলিসহ অসংখ্য ককটেল বিস্ফোরিত হয়। মামলাও হয়েছে,কিন্তু এতো গুলি এবং ককটেল কোথা থেকে এলো,এর উৎস কি বের করা গেছে?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ মামলা হয়েছে, তদন্তে প্রকাশ পাবে।
তেপান্তরঃ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এরকম সংঘর্ষ এবং রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে বলে ধারণা করছে জেলার সাধারণ জনগণ, রাজনৈতিক সংঘর্ষ এবং সহিংসতা মোকাবিলায় জেলা পুলিশ কতটুকু প্রস্তুত?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ জেলা পুলিশ যেকোন ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত আছে, এবং আমরা প্রতিনিয়ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছি।
তেপান্তরঃ পুরো দেশে অনলাইন জুয়ার ভয়াবহ প্রসার ঘটেছে,যার প্রভাব ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপকভাবে দৃশ্যমান। এর ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে,স্কুল পড়ুয়া কিশোর থেকে তরুণ-যুবক এমনকি মধ্যবয়সী ব্যাক্তিরা এতে ভয়ানক আসক্তিতে পড়ছে। কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে, হতাশ হয়ে আতœহননের পথও বেছে নিচ্ছে। অনলাইন জুয়া প্রতিরোধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ অনলাইন জুয়া নিয়ে অনেক জায়গা থেকে অভিযোগ পাচ্ছি, ছেলেরা প্রত্যেক পাড়া মহল্লায়, রাস্তার মোড়ে মোবাইল নিয়ে বসে থেকে অনলাইন জুয়ায় জড়িয়ে যাচ্ছে। আমরা এনিয়ে কাজ করছি,আপনাদের সহযোগিতা চাই।
তেপান্তরঃ জেলা শহরসহ পুরো জেলা জুড়েই ইয়াবার সেবন ও আসক্তি ভয়াবহ রকমে বিস্তার লাভ করছে। এবং দুশ্চিন্তার বিষয় হচ্ছে এগুলো মায়ানমার থেকে নয়,বরং আখাউড়া, কসবা, ও বিজয়নগর ঘেষা ভারতীয় সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে। এর প্রতিকারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ ইয়াবাসহ সকল ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, সুনির্দিষ্ট তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
তেপান্তরঃ ইয়াবায় আসক্ত কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক বেড়ে গেছে, বলা যায় কিশোর অপরাধ বিস্তারের অন্যতম মূল কারণ ইয়াবা সেবন ও আসক্তি। ইয়াবার ভয়াবহ বিস্তার রোধে পুলিশ কেমন ভূমিকা পালন করছে?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার, কারণ আমাদের চেয়ে আপনারা দ্রুত সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন। তবে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তেপান্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণার পর অনেক মাদক ব্যবসায়ীই স্বেচ্ছায় আতœসমর্পণ করে নতুন পেশা বেছে নেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা তাদের পুরনো পেশা তথা মাদক চোরাকারবারে ফিরে আসছে। এব্যাপারে কি বলবেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই, আপনাদের কাছে থাকলে আমাদের দিয়ে সহযোগিতা করতে পারেন।
তেপান্তরঃ প্রায়ই দেখা যায়,সরকার দলীয় সংসদ সদস্যদের ঘনিষ্ঠজনেরা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি কিংবা তাদের পরিবার, আত্নীয় ও ঘনিষ্ঠজনেরা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত থাকে। সেক্ষেত্রে আইন প্রয়োগ করতে গেলে কোন জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব বা ক্ষমতাবান কেউ প্রভাব বিস্তার করা কিংবা বাধা প্রদান করার চেষ্টা করে কি?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ আমার জানা মতে, এরকম কোন তথ্য নেই।
তেপান্তরঃ গত ১৮’ই জুন যমুনা টেলিভিশনের ৩৬০ ডিগ্রিতে জেলার নবীনগরের রিপন মিয়ার ঝাড়ুদিঘী আদালত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে রিপন মিয়ার বিভিন্ন অপকর্মের ঘটনা উল্লেখ করা হয়েছে এবং পুলিশ প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ওঠেছে প্রতিবেদনে। জেলা পুলিশের প্রধান হিসেবে আপনি কি বলবেন।
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এলাকাবাসী একটা পিটিশন দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তেপান্তরঃ জেলার বেসরকারি চিকিৎসা সেবার নৈরাজ্য নিয়ে সাধারণ জনগণ শঙ্কিত ও উদ্বিগ্ন, কিছুদিন পরপরই বেসরকারি চিকিৎসা সেবা নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনার শিকার হচ্ছে অসহায় রোগীরা। জনসাধারণের শঙ্কা এবং উদ্বিগ্নতা দূরীকরণে জেলা পুলিশ কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এব্যাপারে সরাসরি আমাদের কিছু করার নাই,স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নিতে পারে। তারা চাইলে আমরা সহযোগিতা করে থাকি।
তেপান্তরঃ জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতে ট্রাফিক সার্জেন্ট নিয়ে থানা পুলিশ মটর সাইকেল এর কাগজপত্র ঠিক আছে কিনা,চালক ও আরোহী সড়ক আইন মানছে কিনা, সবকিছু যাচাই করে আইন অনুযায়ী মামলা দিয়ে জরিমানা করছে। আমরা এরকম অভিযানকে সাধুবাদ জানাই, কিন্তু সাধারণ বাইকারদের অভিযোগ জেলার প্রভাবশালী মন্ত্রীর এলাকার ভোটার বা বাসিন্দা পরিচয় দিলে তাদেরকে বিশেষ ছাড় দেয়া হয়,এমনকি তাদের মটর সাইকেলটি ভারত থেকে চোরাই পথে আনা অবৈধ মটর সাইকেল হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়। এই অভিযোগের ব্যাপারে আপনার মন্তব্য কি?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ এরকম কোন ঘটনার কথা আমার জানা নেই। আমাকে কিংবা আমার পক্ষ থেকে কাউকে এমন নির্দেশনা দেয়া হয়নি। কেউ যদি এরকম করে থাকে তবে সেটা সে স্বেচ্ছায় করেছে, সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন সবার জন্য সমান,এখানে বিশেষ সুবিধা দেয়ার কোন সুযোগ নেই।
তেপান্তরঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কি কি প্রতিবন্ধকতা মোকাবেলা করে আসছে,এবং আগামীতে ইদ,পূজা,এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশকে কি কি চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হবে বলে আপনি মনে করেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ প্রতিনিয়তই পুলিশ এরকম প্রতিবন্ধকতা মোকাবেলা করে যাচ্ছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বদ্ধপরিকর
তেপান্তরঃ আপনি এবং আপনার জেলা পুলিশ এসব পরিস্থিতি মোকাবিলায় কতটুকু প্রস্তুত আছে বলে আপনি মনে করেন?
মোহাম্মাদ শাখাওয়াত হোসেনঃ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে, এবং সকল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics