সীমান্ত খোকন: ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে নাগরিক জীবনের নানামুখী সংকট আজ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, পাবলিক টয়লেটের অভাব, যানজট, ভবন নির্মাণে কোড লঙ্ঘন, ভাঙ্গাচোরা রাস্তা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের চিত্র তার প্রমান। এই চিত্র নতুন নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার বহিঃপ্রকাশ। দুর্ভাগ্যজনকভাবে, এসব সমস্যার কেন্দ্রে রয়েছে দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা, গাফিলতি এবং জবাবদিহিতার অভাব।
বর্জ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা: ন্যূনতম নাগরিক সেবাও অপ্রতুল।
নিয়মিত ময়লা অপসারণ না করা, নির্ধারিত জায়গায় ডাস্টবিন না রাখা, এবং স্যানিটারি সুবিধার অভাব জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের সংকট তাদের চলাফেরায় বাধা হয়ে উঠছে। অথচ এই দায় স্থানীয় সরকার ও পৌর কর্তৃপক্ষের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত।
যানজট ও যানবাহন নিয়ন্ত্রণহীনতা: ট্রাফিক ব্যবস্থাপনার দেউলিয়াত্ব।
প্রতিদিন দিনের বেলায় শহরের প্রধান সড়কগুলোয় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করে যানজটকে তীব্র করে তোলে। এর সঙ্গে যোগ হয়েছে অটোরিকশা ও সিএনজির অসংগঠিত চলাচল। ট্রাফিক বিভাগ, পৌর প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি ও নীতিনির্ধারকদের নির্বিকার অবস্থান এই সংকটকে জটিল করে তুলেছে।
ভবন নির্মাণে অনিয়ম ও পার্কিং সংকট: পরিকল্পনার বিপর্যয়।
নিয়ম অনুযায়ী ভবন বা মার্কেট নির্মাণে সুনির্দিষ্ট পার্কিং স্পেস রাখা বাধ্যতামূলক হলেও বাস্তবে দেখা যাচ্ছে, অধিকাংশ ভবনে তা উপেক্ষা করে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে করে রাস্তাগুলোই হয়ে উঠছে যানবাহনের পার্কিং স্পেস। এছাড়াও ৬ তলার বেশি ভবন নির্মান নিষিদ্ধ হলেও শহরে ১৫ তলা পর্যন্ত বহুতল ভবন তৈরি হয়েছে। এবং এসবই হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের সহযোগীতায়। সরাসরি বলতে গেলে, পৌর প্রকৌশল বিভাগ এ অবস্থার জন্য দায়ী।
পরিবেশবিনাশ ও খাল দখল:
শহরের শ্বাসরোধ।একসময় যেসব খাল শহরের প্রাণ ছিল, আজ তা দখলদারদের করায়ত্ত। খাল পুনঃখননের দাবি আজ আর শুধু পরিবেশের প্রশ্ন নয়, বরং শহরের অস্তিত্ব রক্ষার বিষয়। ভূমি অফিস, পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ নিষ্ক্রিয়তা এ বিষয়ে প্রশ্ন তোলে তাদের সদিচ্ছা নিয়েই।
সমাধানের পথ কোথায়?
একটি শহরের অবস্থা দেখে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের মানসিকতা ও কার্যক্ষমতা সহজেই অনুমান করা যায়। নাগরিক সেবা কোনো অনুগ্রহ নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। কাজেই দায়িত্বশীলদের নিরবতা ও উদাসীনতা ভাঙতে হবে। নতুবা উন্নয়নের বাহারি ব্যানারের আড়ালে নাগরিকদের দুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics