Tepantor

কসবায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

3 January, 2026 : 11:15 am

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া সভার আয়োজন করা হয়। একইসঙ্গে কুটি ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজাও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। এসময় কসবা ও আখাউড়া উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আমৃত্যু লড়াইয়ের প্রতীক। নারী শিক্ষার অগ্রযাত্রা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তার অবদান এদেশের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। তার আদর্শকে ধারণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

দোয়া ও জানাজায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনসহ যুবদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মুসুল্লি অংশ নেন।

নেতৃবৃন্দ কুটি ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের কান্ডারি মরহুম আব্দুল কুদ্দুস পারসেজারের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।