তেপান্তর রিপোর্ট:
২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন এই সংস্করণে ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, পরদিন ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন।
রবিবার (৪ জানুয়ারি) এনসিটিবির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই পাঠ্যবইগুলো আপলোড করা হয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন সংস্করণটি উন্মুক্ত করেন। জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশের শিক্ষার্থীদের হাতে এসব পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
পর্যালোচনায় দেখা গেছে, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির পাঠ্যবইগুলোতেও মুক্তিযুদ্ধের পটভূমি পুনর্গঠন করা হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা পূর্বের তুলনায় সীমিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং বঙ্গবন্ধুর ছবির উল্লেখ রয়েছে।
এনসিটিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঐতিহাসিক তথ্যের ভারসাম্য আনতেই এই পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক নিরসনে ২৬ ও ২৭ মার্চের ঘটনার সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে। পাঠ্যবইয়ের এই নতুন সংস্করণ নিয়ে ইতিমধ্যে শিক্ষাবিদ ও রাজনৈতিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics