তেপান্তর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। তিতাস আবৃত্তি সংগঠনের ছোটদলের পরিবেশনা হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ আবৃত্তি অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ বেশকিছু কবিতা।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও অন্যতম সংগঠক আনিসুর রহমান, ফাহিমা সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদান সংগঠন বাঁধন সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম, অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী।
আবৃত্তি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে। তাকে শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “প্রভাতি” কবিতার সমবেত আবৃত্তির মাধ্যমে শিশু শিল্পীরা তাদের পরিবেশনা শুরু করেন।
এসময় একক আবৃত্তি করেন নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা, ফারিযা রানা, ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা, বিনায়ক নীলাদ্রি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের “অন্তর মম ” কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রবীন্দ্র-নজরুল আবৃত্তি অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী জানান,আজকের আয়োজনে আমাদের একদল শিশু আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উচ্চারণের মাধ্যমে আবৃত্তির পথে নতুন করে যাত্রা শুরু করলো। রবীন্দ্র-নজরুল ধারণ করে তারা বাঙালির অপরিহার্য কবিদের কবিতার সাথে পরিচিত হবে, আবৃত্তি করবে। আমরা ধীরে ধীরে সেই প্রচেষ্টা চালিয়ে যাবো।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, তিতাস আবৃত্তি সংগঠন শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের মধ্যে আবৃত্তির রস সঞ্চার করতে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজকের শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল আবৃত্তি
অনুষ্ঠান করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে পড়তে আমাদের শিশুরা এগিয়ে যাক,সেই কাজে আমরা সহায়ক হিসেবে কাজ করছি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics