তেপান্তর রিপোর্ট:
প্রস্তাবিত নতুন ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথ এক ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে সম্প্রতি ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। বর্তমানে এই ইউনিয়নটিকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। ওই প্রস্তাবে সদর উপজেলার মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে নতুন এই উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়।
নিজেদের এলাকাকে প্রস্তাবিত নতুন উপজেলায় যুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করেন। এতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেন পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, “সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব এবং বিজয়নগর থেকে সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছে, তা আমরা কোনোভাবেই মানব না। দাবি আদায় না হলে আমাদের এই আন্দোলন আরও কঠোর ও দীর্ঘায়িত হবে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, এক ঘণ্টা পর অবরোধকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics