Tepantor

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

28 November, 2026 : 5:55 pm

তেপান্তর রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য পাচারের চেষ্টা চলছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক অভিযান চালায়। অভিযানে ভারতীয় গরু, মাদক, প্রসাধনসামগ্রী, বিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮১ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।