Tepantor

২১ বছর পর ভোটাধিকার প্রয়োগ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

6 January, 2026 : 9:37 am

তেপান্তর রিপোর্ট:
দীর্ঘ দুই দশকের অচলায়তন ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া শুরু করেন। বিরতিহীন এই ভোট উৎসব চলবে বিকাল ৩টা পর্যন্ত।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। নির্বাচন কমিশন জানিয়েছে, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি আলাদা কেন্দ্র বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি বুথ স্থাপনের ফলে দ্রুততম সময়ে ভোট দেওয়া সম্ভব হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত ও দ্রুত ফল ঘোষণার জন্য এবার প্রথমবারের মতো ৬টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে গণনা সম্পন্ন হবে।

জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, সোমবার রাতেই কড়া নিরাপত্তায় ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলছে।

এর আগে বিভিন্ন কারণে দুবার পিছিয়েছে এই নির্বাচন। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ থাকলেও সেদিন ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে জরুরি অবস্থা জারি করে সিন্ডিকেট সভা নির্বাচন স্থগিত করেছিল। পরে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজকের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array