Tepantor

সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী, বেড ও ওষুধ সংকট

23 November, 2026 : 8:00 pm
সিট না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে এক শিশু।

নীলা ইসলাম ও সামিউম সামি:

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। রোগীর চাপ বাড়তে থাকায় ডায়রিয়া ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনরা। শয্যা না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝে, বারান্দা এমনকি সিঁড়ির পাশেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

সোমবার হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ছিলেন ১৩৪ জন। অথচ ওয়ার্ডটিতে শয্যা রয়েছে মাত্র ২০টি। ফলে ২০ জন রোগী শয্যা পেলেও বাকি ১১৪ জনকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হাসপাতালের বারান্দা ও সিঁড়ির পাশেও ঠাঁই নিতে হচ্ছে অসুস্থদের।

শুধু শয্যা সংকটই নয়, ডায়রিয়া ওয়ার্ডে স্যালাইন, ইনজেকশন ও প্রয়োজনীয় ওষুধের সংকটও দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী না পাওয়ায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের স্বজনদের। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও বাড়তি অর্থ ব্যয়ের চাপে পড়ছেন তাঁরা।

ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে সদর হাসপাতালে এলে খুব ভালো সেবা পেতাম। হাসপাতাল থেকেই খাবার ও ওষুধপত্রসহ সবকিছু দেওয়া হতো। অসুস্থ স্ত্রীকে নিয়ে তিন দিন ধরে হাসপাতালে আছি। প্রথম দিন হাসপাতাল থেকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়েছিল। এরপর আর কিছুই দেওয়া হয়নি। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আমরা গরিব মানুষ, এখানে চিকিৎসা করাতেই হিমশিম খেতে হচ্ছে।”

ওয়ার্ডে দায়িত্ব পালনরত নার্সদের কাছে ওষুধ সংকটের বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, “আমরা কী করব? আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ সরবরাহ আসে না। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে।”

এদিকে, হাসপাতালের শয্যাসংখ্যা অনুযায়ী রোগীদের জন্য কর্তৃপক্ষের বরাদ্দ থাকা তিন বেলার খাবারও অনেকে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ওষুধের পাশাপাশি খাবারও বাইরে থেকে কিনে খেতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা ব্যয়ের সঙ্গে খাবারের বাড়তি খরচ যোগ হওয়ায় আর্থিক সংকটে পড়ছেন অনেক রোগী ও তাঁদের স্বজনরা।

রোগী ও তাঁদের স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার পাশাপাশি ওষুধ, খাবারসহ প্রাপ্য অন্যান্য সেবাও যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়। অসুস্থ অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ওষুধ ও খাবারের জন্য বাড়তি অর্থের জোগান দিতে গিয়ে যেন তাঁদের আরও দুর্ভোগে পড়তে না হয়। তাঁদের মতে, এসব সেবা পাওয়া রোগীদের অধিকার; আর তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: শাহীনূর আলমের কাছে জানতে চাইলে, তিনি প্রতিবেদক কে জানান,ডায়রিয়া অতিরিক্ত হওয়ার কারণ হচ্ছে,শীতকালীন পানিবাহীত সমস্যা, অপরিস্কার খাবার খাওয়া, এবং সাবান ব্যাবহারে অনিহা। এত রোগী হওয়া সত্ত্বেও আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি।এবং পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা চলমান রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ২৫০ শয্যা হাসপাতালে ২৫০টি বেড এর বিপরিতে ২৫০  জনের খাবার বরাদ্দ থাকে, এজন্য বাকিরা খাবার পান না।

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।