Tepantor

টানা তিন জুমার নামাজ আদায় না করলে কী শাস্তি হতে পারে? মুসলমানদের জন্য কঠোর সতর্কবার্তা

27 November, 2026 : 1:18 pm

তেপান্তর রিপোর্ট:

ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত এই দিনে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম মুসলিম পুরুষের জন্য ফরজ। অথচ অনেকেই নানা অজুহাতে কিংবা অবহেলায় জুমার নামাজ ছেড়ে দেন। তবে ইচ্ছাকৃতভাবে পরপর তিনটি জুমার নামাজ পরিত্যাগ করার বিষয়ে হাদিসে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা আল-জুমা, আয়াত: ৯)

জুমার দিনের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের জন্য জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন। তাই এ দিনের নামাজ ও ইবাদতের প্রতি প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

টানা তিন জুমা ছেড়ে দেওয়ার পরিণতি

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অবহেলা করে পরপর তিনটি জুমা পরিত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর এঁটে দেন।’ (সুনান আবু দাউদ, হাদিস: ১০৫২; জামে তিরমিজি, হাদিস: ৫০২)

এই হাদিস থেকে বোঝা যায়, কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। বিশেষ করে ধারাবাহিকভাবে তিনটি জুমা পরিত্যাগ করার বিষয়ে কঠোর সতর্কতা উচ্চারণ করা হয়েছে।

কারা জুমার নামাজ আদায় থেকে অব্যাহতি পেতে পারেন?

ইসলামি বিধান অনুযায়ী, নারীদের ওপর জুমার নামাজ ফরজ নয়। একইভাবে অপ্রাপ্তবয়স্ক শিশু, মুসাফির এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুকিম মুসলিম পুরুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ।

তাই কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া জুমার নামাজ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

জুমার দিনের আমল ও করণীয়

জুমার দিন পবিত্রতা অর্জন, গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, আগে মসজিদে যাওয়া এবং ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা গুরুত্বপূর্ণ সুন্নত ও আমলের অন্তর্ভুক্ত।

সুতরাং দুনিয়াবি ব্যস্ততা কিংবা অবহেলার কারণে জুমার নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজও যথাযথভাবে আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।