সীমান্ত খোকন:
ইমারত নির্মাণ আইন ও স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নীতিমালা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে (বেজমেন্ট) গড়ে উঠেছে অন্তত ৬টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ভবনের নকশা অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে অপর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস ও চরম অগ্নিঝুঁকির মধ্যেই এসব প্রতিষ্ঠানে চলছে রোগী ভর্তি, চিকিৎসাসেবা এবং রোগ নির্ণয় কার্যক্রম।
সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেল রোড, কুমারশীল মোড়, ও পাইকপাড়া এলাকার ৬টি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্ট অংশে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্ডারগ্রাউন্ডে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো হলো:
১. আল খলিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জেল রোড।
২. জাহাঙ্গির হাসপাতাল এন্ড সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার, রামকানাই স্কুল মোড়, পাইকপাড়া।
৩. নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, আমীন কমপ্লেক্স, কুমারশীল মোড়।
৪. ট্রমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, কুমারশীল মোড়।
৫. দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, জেল রোড।
৬. দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, প্রেস ক্লাব ভবন, সদর হাসপাতাল রোড।
দেখা গেছে, সরু ও খাড়া সিঁড়ি বেয়ে মাটির নিচে নেমে অনেকটা বদ্ধ ও কৃত্রিম আলোর পরিবেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগী ও স্বজনরা। এছাড়া সদর হাসপাতাল রোডের প্রেস ক্লাব ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটি সরকারি হাসপাতালের একদম কাছাকাছি অবস্থিত, যা সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার মধ্যে নতুন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নিষেধাজ্ঞারও আওতায় পড়ে।
আইনে যা বলা আছে:
বাংলাদেশের প্রচলিত ‘ইমারত নির্মাণ আইন, ১৯৫২’-এর ৩ক ধারা এবং ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)’ অনুযায়ী, বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্ট কেবল গাড়ি পার্কিং এবং ভবনের ইউটিলিটি সার্ভিসের (পাম্প, জেনারেটর) জন্য সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সেখানে কোনো বাণিজ্যিক বা চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গ করলে উচ্ছেদ, স্থাপনা সিলগালাসহ কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
অন্যদিকে, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ৯(ক) ধারা অনুযায়ী, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের লাইসেন্স পেতে হলে রোগীদের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসযুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। এছাড়া ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’ অনুযায়ী, অগ্নিকাণ্ড বা ধোঁয়ার সৃষ্টি হলে আন্ডারগ্রাউন্ড থেকে শয্যাশায়ী রোগীদের উদ্ধার করা প্রায় অসম্ভব হওয়ায় ফায়ার সার্ভিসও সেখানে ক্লিনিকের ছাড়পত্র দেয় না।
আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এসব প্রতিষ্ঠানে প্রাকৃতিক আলো ও মুক্ত বায়ুপ্রবাহ না থাকায় সার্বক্ষণিক কৃত্রিম আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ওপর নির্ভর করতে হয়। বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ভেতরে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের স্ট্রেচার বা হুইলচেয়ারে করে ওপরে তোলা-নামানোর ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরে আন্ডারগ্রাউন্ডে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তা মিজানুর রহমান বলেন, এখানে আন্ডারগ্রাউন্ডে ৬টি প্রতিষ্ঠান আছে যেগুলো বেশ পুড়নো। আমি কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি তারা প্রতি বছরই লাইসেন্স নবায়ন করছে, এর ভিতরে ২/১টি হয়ত পিছিয়ে আছে। সাধারণত স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি লাইসেন্স নবায়ন করতে হয় সেখানে চেক লিস্ট আছে। সেই চেকলিস্ট পর্যালোচনা করেই নবায়ন করা হয়। তাছাড়া পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসসহ বেশ কিছু সংস্থার ছারপত্রের প্রয়োজন হয়। যথাযত প্রক্রিয়া অনুসরন করেই তাদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে। তবে এর মধ্যে ২/১টির সমস্যা আছে, আমরা তাদের বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তাই তাদেরকে অবৈধ বলার সুযোগটি স্পষ্ট নয়। যেহেতু তারা বিভিন্ন সংস্থার ছাড়পত্র দেখানোর পর অনুমোদন পেয়েছে তাই তারা বৈধ ভাবেই ব্যবসা শুরু করেছে।
যেকানে বেইসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান তৈরি করাই অবৈধ সেখানে তারা অনুমোদন পেলো কিভাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো অবৈধ কিনা বা বাস্তবতার আলোকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা তা আসলে বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে। তবে আন্ডারগ্রাউন্ডে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সময় এসেছে যেহেতু এগুলো সংবেদনশীল প্রতিষ্ঠান। তাদের লাইসেন্স নতুন করে নবায়ন করার ক্ষেত্রে বিবেচনা করার সময় এসেছে। মাটির নিচে দূরের কথা সার্ফেসেই (মাটির উপরে) যেসব হাসপাতাল আছে সেগুলোই তেই প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাক। আর আইনে এ বিষয়ে শাস্তির বিধান স্পস্ট নয় আসলে। আমরা কেবল এসব বিষয়ে অবগত করতে পারি যখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কাগজ পাঠায়। আপনারা জানেন যে আমাদের কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। ফলে কিছু সীমাবন্ধতা আছে।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফারুক আহমেদ বলেছেন, এসব হাসপাতাল আমাদের কাছে কখনো অনুমোদন নিতে আসেনি, এসবের একটারও অনুমোদন নেই।
সচেতন মহলের দাবি, বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগেই জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বিত অভিযানের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে গড়ে ওঠা এসব অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics