Tepantor

মোবাইল ফোনের আমদানি ও উৎপাদন শুল্ক কমল, কমছে হ্যান্ডসেটের দাম

1 January, 2026 : 7:20 pm

দেশে মোবাইল ফোনের দাম কমাতে আমদানিকৃত হ্যান্ডসেট ও স্থানীয় উৎপাদন পর্যায়ের কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বড় পরিসরে হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদন উৎসাহিত করতে স্থানীয় উৎপাদনকারীদের জন্য বিদ্যমান ১০ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সরকার আশা করছে এই শুল্ক হ্রাসের ফলে দেশের বাজারে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালে আসবে এবং মোবাইল ফোন ব্যবসার আরও সম্প্রসারণ ঘটবে।

শুল্ক কমানোর এই উদ্যোগের ফলে ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছে সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে বর্তমানে বিদ্যমান উচ্চমূল্যের হ্যান্ডসেটগুলোর দাম এই সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য হারে কমে আসবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array