Tepantor

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ডিবি হেফাজতে

4 February, 2026 : 8:04 am

তেপান্তর রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোহাম্মদ ছরওয়ারে আলম বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি। ওই অভিযানেই তাকে হেফাজতে নেওয়া হয়। অভিযান চলাকালীন ডিবি প্রধান সাংবাদিকদের বলেন, একটি স্পর্শকাতর বিষয়ে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়। পরদিন দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলা চালিয়ে আমিরের অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এই ঘটনার চার দিনের মাথায় প্রযুক্তিগত তদন্তের সূত্র ধরে বঙ্গভবনের ওই কর্মকর্তাকে শনাক্ত ও আটক করল ডিবি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array