Tepantor

‘ভোটের ফল পরিবর্তনের সাহস যেন কেউ না দেখায়’: আশুগঞ্জে রুমিন ফারহানার হুঁশিয়ারি

4 January, 2026 : 10:04 am

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া:

জনগণের রায় পাল্টে দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচিত হতে পারলে কোনো গোষ্ঠী বা শক্তির পক্ষে জনরায় ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না।

শনিবার (৩ জানুয়ারি) রাতে আশুগঞ্জের লালপুর পাগল শংকর আশ্রমের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী মাঠের এই লড়াইয়ে নিজেকে ‘জনগণের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সব মতের মানুষের প্রতিনিধিত্ব করতে চান। জয়ী হলে সরাইল ও আশুগঞ্জকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যকালে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ক্রমহ্রাসমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই প্রার্থী। তিনি দাবি করেন, দেশ স্বাধীনের সময় সংখ্যালঘু জনসংখ্যা যেখানে ২২ শতাংশ ছিল, তা এখন ৯ শতাংশে ঠেকেছে। এর জন্য পর্যায়ক্রমে ক্ষমতায় আসা সব রাজনৈতিক দলকেই দায়ী করেন তিনি।

এলাকায় চাঁদাবাজি ও মামলা-বাণিজ্য বন্ধের অঙ্গীকার করে রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে যোগ্য প্রার্থীকে বেছে নিন।” সরাইল-আশুগঞ্জ অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের প্রশংসা করে তিনি একে ধরে রাখার আহ্বান জানান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array