Tepantor

পুরোনো ক্ষোভ থেকে ১৫ বছর ধরে শুধু পুলিশ দম্পতির বাড়িতেই চুরি

15 February, 2026 : 8:51 am

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক ব্যতিক্রমী চুরির ঘটনায় দীপেশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, ১৫ বছর আগে এক পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হওয়ার প্রতিশোধ নিতেই তিনি কেবল পুলিশের বাড়িতে চুরির পথ বেছে নিয়েছিলেন।

ঘটনার সূত্রপাত গত ২০ জানুয়ারি খান্ডওয়া জেলার পুলিশ লাইনে। ওই রাতে কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের সরকারি বাসভবন থেকে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে বুরহানপুর থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার এড়াতে দীপেশ নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন। কখনো ফেরিওয়ালা সেজে পুলিশ লাইনের আশপাশে রেকি করতেন তিনি। পুলিশের দাবি, গত দেড় দশকে তিনি সুপরিকল্পিতভাবে কেবল পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়েছেন।

খান্ডওয়া জেলা পুলিশের অতিরিক্ত সুপার মহেন্দ্র তারনেকর জানান, গ্রেপ্তারের সময় ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টায় দীপেশ আহত হয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত রমেশ ও ভুরালিয়া নামে আরও দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array