Tepantor

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে তেহরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

14 January, 2026 : 9:47 am

তেপান্তর রিপোর্ট:
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আটককৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ওয়াশিংটন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি তেহরানকে এই পরিণতির বিষয়ে হুঁশিয়ার করেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে ইরানি ভূখণ্ডে সামরিক হস্তক্ষেপের একটি সাজানো অজুহাত হিসেবে বর্ণনা করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে দাবি করেছে, ওয়াশিংটন নিষেধাজ্ঞা ও অস্থিরতা তৈরির মাধ্যমে দেশটিতে সরকার পরিবর্তনের পুরনো কৌশল প্রয়োগ করছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইরানে চলমান দমন-পীড়নে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে কয়েক হাজার ছাড়িয়ে থাকতে পারে। নরওয়েভিত্তিক সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) অন্তত ৭৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, যার মধ্যে নয়টি শিশু রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, কারাজ শহরে আটক ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবারই (১৪ জানুয়ারি) ফাঁসি দেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা দেখছি তারা হাজার হাজার মানুষ হত্যা করছে। এখন যদি ফাঁসি শুরু হয়, তবে তার ফল কী হবে সেটা তারা টের পাবে।” এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জানান, হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত থাকবে।

তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন, আটক বিক্ষোভকারীদের কয়েকজনের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে তেহরানের দক্ষিণাঞ্চলীয় কাহরিজাক মর্গে মরদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকার ভিডিও ফুটেজ যাচাই করেছে এএফপি। স্বজনরা সেখানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।

বিক্ষোভের মুখে গত পাঁচ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ফোন কল আংশিক সচল হলেও সংযোগ বারবার বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ইউরোপীয় ইউনিয়নও এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যে ইরানি রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন দায়ীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array