তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জয় নামে এক যুবককে ডেকে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আরমান মজুমদার তাকে একটি কক্ষে আটকে রাখেন বলে জানা গেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাত পৌনে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী জয় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন গাড়ির মেকানিক।
ভুক্তভোগী জয়ের ভাষ্যমতে, দুই দিন আগে থানা প্রাঙ্গণ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেদিন জয় থানার একটি গাড়ি মেরামতের কাজে সেখানে গিয়েছিলেন। ওই চুরির ঘটনায় সন্দেহবশত শুক্রবার রাতে এএসআই আরমান তাকে ফোনে থানায় ডেকে নেন এবং একটি কক্ষের বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রাখেন।
জয় অভিযোগ করে বলেন, “আটক রাখার পর এএসআই আরমান একটি কাঠের তক্তা দিয়ে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের হুমকি দেন আমাকে। পরে আমি চুরির সঙ্গে জড়িত নই বুঝতে পেরে তিনি খোকা নামে আমার পরিচিত আরেকজনকে সন্দেহ করেন এবং তাকে থানায় হাজির করার জন্য চাপ দেন। এতে অপারগতা প্রকাশ করলে তিনি আমার সঙ্গে আরও দুর্ব্যবহার করেন।”
এ বিষয়ে জানতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জয়কে আটকের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, জয়কে কাজের জন্য থানায় আনা হয়েছিল। তবে কাজের জন্য আনা হলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হলো কেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এ সময় ওসি প্রতিবেদকের ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, “আরে ভাই, আপনি কি আমাকে কাজ করতেও দেবেন না?” তবে পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তোফায়েল হোসেন সরকারের নজরে আনা হলে তিনিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পরই জয়কে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে জয় দাবি করেছেন, ছাড়া পাওয়ার সময় তাকে শর্ত দেওয়া হয়েছে যে, অভিযুক্ত খোকাকে তাকেই থানায় হাজির করতে হবে; অন্যথায় তাকে পুনরায় থানায় ডেকে নেওয়া হবে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এএসআই আরমান মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics