Tepantor

বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: যশোরে হাসনাত আব্দুল্লাহ

7 February, 2026 : 2:57 pm

তেপান্তর রিপোর্ট:

বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে গেলেও ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে যশোরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত ১১ দলীয় জোটের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কৌশলগত নির্দেশনা দেন।

যশোরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ‘ব্যালট বিপ্লবের’ ডাক দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন জাতিকে দুটি স্পষ্ট ভাগে বিভক্ত করেছে। একদিকে একটি পক্ষ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বিদেশি গোলামি ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে; অন্যদিকে ইনসাফ ও জুলুমমুক্ত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে দেশপ্রেমিক শক্তি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষ আর কোনো শৃঙ্খলে বন্দি থাকতে চায় না।

ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার নিন্দা জানিয়ে হাসনাত বলেন, “পুলিশ কোনো নির্দিষ্ট দলের নয়, তারা ১৮ কোটি মানুষের সেবক। গত ১৭ বছরে যারা দলীয় দাসে পরিণত হয়েছিল, জুলাই বিপ্লবে তাদের পরিণতি সবার জানা। সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।”

নির্বাচনী পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এনসিপি নেতা আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। এই অপচেষ্টা রুখতে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার আগেই কেন্দ্র পাহারা দেওয়ার এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত অবস্থান করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

যশোর সদর-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী ভিপি আব্দুল কাদেরের পক্ষে আয়োজিত এই সভায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপি নেতা সাকিব শাহরিয়ার।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।