তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলিতে অন্তত পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের চরলাপাং এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬) ও ইব্রাহিম (৩০)। তাঁদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল। তবে অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি ইজারার নির্ধারিত সীমা লঙ্ঘন করে চরলাপাং গ্রামের ফসলি জমির কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এতে এলাকায় ব্যাপক ভাঙন ঝুঁকি তৈরি হলে আজ সকালে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে ওই পাঁচজন গুলিবিদ্ধ হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, আহতদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে, তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics