Tepantor

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ওপর হামলাচেষ্টা: মহাসড়ক অবরোধ

21 February, 2026 : 11:07 am

তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একপর্যায়ে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হন।

শুক্রবার দিবাগত রাতে সরাইল উপজেলা শহীদ মিনারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রুমিন ফারহানাকে বাধা দেয়। পরিস্থিতির অবনতি ঘটলে তিনি ফুল না দিয়েই ফিরে যান।

এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার বিক্ষুব্ধ সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলাচেষ্টা চালানো হয়েছে। নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, বিএনপি যদি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণাম ভয়াবহ হবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array