তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) এবং তাঁর মা হাসিনা বেগম (৬৫)। এই ঘটনায় আমজাদের দুই ছেলেসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহ পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে শাহবাজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আমজাদ ও তাঁর মায়ের মৃত্যু হয়। আহত অন্য তিনজন— চাঁদ (১২), হৃদয় (২৫) ও নিলুফাকে (৩৬) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics