Tepantor

কসবায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

23 November, 2026 : 11:43 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে থানাধীন কসবার ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেইজে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কসবার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কেবিন স্টেশন মাস্টার মোবাইল ফোনে জানান, স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছেন। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) মো. আবদুল কাদির ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) একেএম জালাল উদ্দিন নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করেন। পরে মরদেহের ময়নাতদন্ত করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর তত্ত্বাবধানে মরদেহটি হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে স্বজনদের সন্ধান পাওয়া না গেলে প্রচলিত নিয়ম ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তাঁকে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।