তেপান্তর রিপোর্ট:
লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও হাসপাতালের কার্যক্রম চালানো এবং মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি বেসরকারি হাসপাতালকে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আন্ডারগ্রাউন্ডে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশ করে তেপান্তর। এর পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি হাসপাতালের বিভিন্ন অনিয়ম শনাক্ত করে জরিমানা করা হয়। তেপান্তরে প্রকাশিত প্রতিবেদনে মোট ৬টি আন্ডারগ্রাউন্ড হাসপাতালের মধ্যে এই দুটি হাসপাতালের নামও ছিলো।
অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও কার্যক্রম চালু ছিল। পাশাপাশি হাসপাতালের মেডিক্যাল বর্জ্যও যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না।
এসব অপরাধে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে দুই লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাস, এসআরবি-৯-এর সদস্য ও সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানে হাসপাতাল দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং মেডিক্যাল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ না করার অনিয়ম পাওয়া গেছে। এসব কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
২৩ নভেম্বর তেপান্তরে প্রকাশিত প্রতিবেদনে আন্ডারগ্রাউন্ডে হাসপাতাল পরিচালনার বিষয়টি সামনে আসার পরদিনই প্রশাসনের এ অভিযান পরিচালনা করে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics