Tepantor

আখাউড়া সীমান্তে রাজনৈতিক উত্তেজনা, অবস্থান নেওয়ার প্রস্তুতি বিএনপি

25 November, 2026 : 8:19 pm

তেপান্তর রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছানোর পর এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর আখাউড়া সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেওয়ার প্রস্তুতি শুরু করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৪টা থেকে স্থলবন্দর অভিমুখে অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন তারা। ইতোমধ্যে সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতা ভারতে অবস্থান করছেন। সীমান্তের কোনো প্রবেশপথ ব্যবহার করে তারা দেশে প্রবেশের চেষ্টা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা সৃষ্টি করতে না পারে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রবেশপথ নিয়ে আলোচনায় আগরতলা-আখাউড়া স্থলবন্দরও রয়েছে। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় পৌঁছানোর ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।