তেপান্তর রিপোর্ট: বিশিষ্ট কলামিস্ট সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার, পত্রিকাটির বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু ও তেপান্তর পত্রিকার সম্পাদক সীমান্ত খোকন সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মিথ্যা মামলাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
২৭ আগষ্ট বেলা ১১টায় জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক বাংলা ৭১ এর নোয়াখালী জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, সিনিয়র মো. সোহেল বাদশা, এ আর আজাদ সোহেল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি নোয়াখালী প্রতিনিধি রিফাত মির্জা প্রমুখ।

ছবি: প্রবীর শিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপু ও সীমান্ত খোকন।
এ সময় দৈনিক বাংলা ৭১ নোয়াখালী পাঠক ফোরামের সদস্যগণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বাংলা ৭১ পাঠক ফোরাম আহ্বায়ক আব্দুল হালিম। উত্তারিধিকার ৭১ নিউজে দুটি সত্য ও তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে একটি কুচক্রীমহল। মামলার অন্য ৩ আসামিরা হলেন- উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু এবং ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর ডট নেটের সম্পাদক সীমান্ত খোকন ও এর সংশ্লিষ্ট রিপোর্টার।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ২৫শে জুলাই মামলাটি করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা শাখার সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধরের ছেলে ব্যবসায়ী সুভাষ সূত্রধর। এদিকে দেশের বরেণ্য সাংবাদিক প্রবীর সিকদারসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।
এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার দাবি জানান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics