তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুকূলে অধিগ্রহণ করা জমি ফের দখলের অভিযোগ উঠেছে। অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পরও ওই জমির একটি অংশ নিজ নামে খতিয়ানভুক্ত করা এবং পরবর্তীতে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মৃত লাল মিয়ার উত্তরাধিকারীদের বিরুদ্ধে। এরা হলেন মৃত লাল মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম। ২০০৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কর্তৃক লাল মিয়ার কাছ থেকে জমি অধিগ্রহণ করার পর জেলা প্রশাসক কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগকে তা বুঝিয়ে দেয়। এর পর থেকে জমির দায়িত্বে সড়ক ও জনপথ বিভাগ।
এ ঘটনায় হান্নান নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগের পর আখাউড়া পৌরসভা অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতেও মামলা হয়েছে। আদালতের নির্দেশের পর পুলিশ ১৪৫ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছে ।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, আখাউড়া উপজেলার আখাউড়া মৌজার এসএ ৫৬১ দাগের জমি আখাউড়া বাইপাস নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। ওই জমির মালিক ও দখলদার ছিলেন লাল মিয়া। অধিগ্রহণ করা জমির বিপরীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা থেকে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেন। যদিও তিনি পরবর্তীতে তিনি মারা যান। ০৪৯১২৫৪ নম্বর চেকের মাধ্যমে তিনি অধিগ্রহণের টাকা গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়েছে, ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পরও লাল মিয়ার নামে পরবর্তী বিএস খতিয়ানে এসএ ৫৬১ দাগের বিপরীতে ৭৬৫ দাগে জমি রেকর্ড করা হয়। অভিযোগকারীর দাবি, অধিগ্রহণের মাধ্যমে জমির মালিকানা ও দখল সড়ক ও জনপথ বিভাগের অনুকূলে চলে যাওয়ার পর ওই জমি ব্যক্তিগত নামে খতিয়ানভুক্ত হওয়ার বিষয়টি তদন্তের দাবি রাখে।
লাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম, স্থানীয় এক ব্যক্তির প্রভাবে অধিগ্রহণকৃত ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
এতে জমি সংলগ্ন বাড়ির মালিক আবদুল হান্নানের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। নির্মাণকাজ বন্ধের জন্য আবদুল হান্নান আখাউড়া পৌরসভায় আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ জুন ২০২৬ তারিখে ৩৮৭ নম্বর স্মারকপত্রে আখাউড়া পৌরসভা সংশ্লিষ্টদের অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
অভিযোগকারীর দাবি, সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে ব্যক্তিগতভাবে নির্মাণকাজ চালানোর বিষয়টি
জানার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নিতে দেরি হয়েছে।
পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আবদুল হান্নান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-৭৬৪/২০২৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত আখাউড়া থানাকে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে আখাউড়া থানার একজন এএসআইয়ের স্বাক্ষরে ১৪৫ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ দেওয়া হয়।
অভিযোগকারীর আরও দাবি, অবৈধ দখল ও নির্মাণকাজের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্তও হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের ভূমিকা নিয়ে।
আবদুল হান্নান গত ২২ জুলাই ২০২৬ তারিখে সড়ক ও জনপথ বিভাগের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে আখাউড়া বাইপাস নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান এবং জমিটি সওজের অনুকূলে হস্তান্তরের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
কিন্তু, এরপরও সওজের পক্ষ থেকে জমিটি নিজেদের দখলে নেওয়া বা অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ কারণেই প্রশ্ন উঠেছে, সরকারি প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছে, ক্ষতিপূরণও দেওয়া হয়েছে, সেই জমি যদি পরবর্তীতে আবার ব্যক্তি দখলে চলে যায়, তাহলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্ব কোথায়?
ক্ষতিপূরণ নেওয়ার পরও জমি নিজের নামে, রেকর্ডই বা কীভাবে?
এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জমির মালিকানা ও রেকর্ড সংক্রান্ত বিষয়টি।
অভিযোগে বলা হয়েছে, লাল মিয়া অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা গ্রহণ করেছেন। অর্থাৎ জমিটি সরকারি প্রয়োজনে অধিগ্রহণের বিষয়টি তার জানা থাকার কথা। এরপরও যদি একই জমি বা তার অংশবিশেষ পরবর্তী খতিয়ানে তার নামে থেকে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, অধিগ্রহণের পর রেকর্ড সংশোধনের প্রক্রিয়ায় কোথায় ঘাটতি ছিল?
আর যদি পরবর্তী সময়ে উত্তরাধিকারীরা সেই জমির ওপর স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে তারা কীভাবে জমিটির মালিকানা দাবি করছেন সেটিও তদন্তের বিষয়।
বিশেষজ্ঞদের মতে, সরকারি অধিগ্রহণের ক্ষেত্রে অধিগ্রহণের নোটিশ, ক্ষতিপূরণ প্রদানের রেকর্ড, দখল হস্তান্তরের নথি, এলএ কেসের কাগজপত্র, সিএস/এসএ/আরএস/বিএস খতিয়ান এবং সংশ্লিষ্ট মৌজার নকশা পাশাপাশি পর্যালোচনা করলেই প্রকৃত মালিকানা ও দখলের অবস্থান পরিষ্কার হওয়া সম্ভব।
সওজের কর্মীদের যোগসাজশের অভিযোগ।
আরও গুরুতর অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মচারীর যোগসাজশে রিয়াজুল ইসলাম গং সরকারি অনুকূলে অধিগ্রহণ করা জমি অবৈধভাবে দখলের সুযোগ পেয়েছেন।
সরকারি জমি দখল হলে দায় কার?
আখাউড়া বাইপাসের মতো জনস্বার্থের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কোনো জমি অধিগ্রহণ করা হলে সেটি কেবল কাগজে-কলমে সরকারি সম্পত্তি হয়ে থাকলেই দায়িত্ব শেষ হয় না। অধিগ্রহণের পর জমির দখল বুঝে নেওয়া, রেকর্ড সংশোধন, সীমানা নির্ধারণ এবং অবৈধ দখল ঠেকানো সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ।
এই ঘটনায় যদি সত্যিই ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পরও অধিগ্রহণকৃত জমি ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত থেকে থাকে, তাহলে সেটি কীভাবে হলো তার তদন্ত জরুরি। একইভাবে সরকারি জমিতে নতুন করে নির্মাণকাজ শুরু করার পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, সেটিও খতিয়ে দেখা দরকার।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয় বাসিন্দার আবেদনের পর পৌরসভা যখন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে এবং আদালতের নির্দেশে পুলিশ ১৪৫ ধারায় ব্যবস্থা নিয়েছে, তখন সওজের পক্ষ থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিও জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন।
সরকারি অর্থে অধিগ্রহণ করা জমি যদি আবার ব্যক্তির দখলে চলে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় শুধু রাষ্ট্রের সম্পত্তি নয়, ক্ষতিগ্রস্ত হয় জনগণের স্বার্থও।
তাই অভিযোগটি সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া, ক্ষতিপূরণ প্রদান, জমির রেকর্ড পরিবর্তন এবং পরবর্তী দখল, প্রতিটি ধাপ তদন্ত করা প্রয়োজন।
আখাউড়ার এই জমির ঘটনায় শেষ পর্যন্ত সরকারি জমির মালিকানা কোথায়, দখল কার এবং রেকর্ড কীভাবে পরিবর্তিত হলো সেই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জমি দখলের অভিযোগে অভিযুক্ত আমিনুল ইসলামের বক্তব্য জানতে মোবাইলে একাধিক বার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খন্দকারের সাথে বিষয়টি জানতে যোগাযোগ করা হয়েছিলো। তাদের দুজনই এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে পরে রোকন উদ্দিন খন্দকার জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics