Tepantor

যে কারণে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র মনোনয়ন

4 December, 2023 : 5:22 pm

মোস্তাফিজ চৌধুরী: এক শতাংশ সমর্থনকারি ভোটারের তালিকায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনে মনোনয়ন জমা দেয়া স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আইন অনুযায়ী নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর সমর্থনকারী হিসেবে জমা দিতে হয়।

তাতে ফিরোজুর রহমান ওলিও অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাই দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের সঙ্গে কথা বলেন রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি। তাতে সদর উপজেলার সুলতানপুর গ্রামের মীর বায়েজিদ নামে একজন স্বাক্ষর করেননি, তার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। এমন অবস্থায় ৩ ডিসেম্বর রবিবার লায়ন ফিরোজুর রহমান ওলিও’র মনোনয়নপত্রটি বৈধ নয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৪ অনুচ্ছেদের দফা ৩-এর ‘ঘ’ ধারায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্রটি বাতিল করেন।

সুলতানপুর গ্রামের মীর বায়েজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ আছেন বলে জানান, এবং পরে কথা বলবেন বলে জানান।

একদিন পর আবার তার সাথে যোগাযোগ করা হলে তিনি বায়েজিদ নন বলে ফোনটি কেটে দেন।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সারাদিন সে ছেলের পরিবার আমার পক্ষে বলেছে কিন্তু অজানা কারণে সন্ধ্যায় সে ছেলে আমার বিরুদ্ধে কি জানে কি বলেছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রথমে আমার সমর্থনে সংগ্রহকৃত ভোটারদের স্বাক্ষরের তালিকা ছিনতাই করা হয়েছে, তারপর আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে এসব ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি নির্বাচন কমিশনে আপিল করবো,মনোনয়ন ফিরে পেতে আইন অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ফিরোজুর রহমান ওলিও। এর আগে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি মদকে হালাল ব্যবসা বলে ব্যাপক আলোচনা-সমালোচনারও সৃষ্টি করেন। তার মধ্যে জালিয়াতির অভিযোগে মনোনয়নপত্র বাতিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওলিও’র অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে গেলো।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array