Tepantor

পেনশন স্কিম ছাড়া মিলছে না ইউনিয়ন পরিষদের সেবা

15 July, 2024 : 7:49 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদে চালু করা হয়েছে এক অদ্ভুত নিয়ম। সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমের আওতায় না এলে পাওয়া যাচ্ছে না ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কোন সেবা।সেবাগ্রহীতার পরিবারের অন্তত একজন সদস্য যদি সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত না হয় তাহলে সে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ,ওয়ারিশান সনদ,চেয়ারম্যান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্সসহ ইউনিয়ন পরিষদের কোন সেবা পাবে না। এমন অদ্ভুত নিয়মে ক্ষুদ্ধ এলাকাবাসী। যদিও সরকারের পক্ষ থেকে পেনশন স্কিমের আওতায় আসার কোন বাধ্যবাধকতা নেই,কিন্তু অত্র ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সনদ পেতে অনেকে বাধ্য হয়েই সার্বজনীন পেনশন স্কিম গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

নাটাই গ্রামের বাসিন্দা রিফাতুল হক তেপান্তরকে বলেন, ‘ আমার ছেলের জন্ম নিবন্ধন পেতে আবেদন জমা দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও জন্মনিবন্ধন হাতে পাচ্ছি না। পরিষদের সচিব এখন বলছেন আমার পরিবারের অন্তত একজনকে পেনশন স্কিম করতে হবে। সচিবকে বলেছি, আমি একটি বেসরকারি হাসপাতালে স্বল্প বেতনে ওয়ার্ডবয় হিসেবে চাকরি করি।উনি বলছেন মাসিক অন্তত পাচশো টাকার একটা স্কিম নিতে,তা না হলে জন্ম নিবন্ধন পাওয়া যাবে না।”
নাম প্রকাশ করতে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন,” বাড়ির দলিলপত্র ঠিক করার জন্য জরুরি একটি ওয়ারিশাননামা দরকার। কিন্তু ইউনিয়ন অফিসে গেছি পরে কইতাছে আগে একটা বীমা করতাম। ইডা বলে বাধ্যতামূলক।”
সরজমিনে নাটাই ইউনিয়ন পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ইউনিয়ন পরিষদের এক নারী কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান,সদর উপজেলার ইউএনও সেলিম শেখের নির্দেশে পেনশন স্কিম ব্যতীত সেবা প্রদান বন্ধ রয়েছে। ইউএনও অফিসের নির্দেশনার কাগজ দেখতে চাইলে, ইউএনও মৌখিক আদেশ দিয়েছেন বলে তিনি জানান।আরও কিছু জানার থাকলে তিনি প্রতিবেদককে ইউএনও অফিসে যোগাযোগ করতে বলেন।
নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব লিটন চক্রবর্তী পরিষদে অনুপস্থিত থাকায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ হয়।তিনি সেবা পেতে বাধ্যতামূলক স্কিমের ব্যাপারটি প্রথমে স্বীকার করলেও পরবর্তীতে ইউএনওর পক্ষে সাফাই গেয়ে বলেন,” ব্যাপারটা আসলে বাধ্যতামূলক নয়।ইউএনও মহোদয় বলেছেন কেউ যদি পেনশন স্কিমের আওতায় আসে তাহলে তার জন্যই লাভ।এজন্য ইউএনও স্যার বলেছেন কেউ যদি সেবা নিতে আসে তাহলে তাকে ভালো ভাবে বুঝিয়ে স্কিম নিতে অনুপ্রাণিত করার জন্য।যেহেতু উনার অধীনে চাকরি করি,উনার মৌখিক কথাই আমার জন্য আদেশ।তারপরও কেউ যদি জন্ম নিবন্ধন না পেয়ে ফিরে গিয়ে থাকে তাহলে হয়তো সার্ভারে কোন সমস্যা ছিলো। আপনি আবার পাঠাইয়েন,আমি ব্যবস্থা করে দিবো।”
সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসা বাধ্যতামূলক কি-না এবং স্কিম না নিলে সেবা দেয়া বন্ধ করার কোন আইনি ভিত্তি আছে কি-না জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ তেপান্তর নিউজকে বলেন,” সরকার সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সেবামূলক এই প্রকল্পটি চালু করেছে।তবে এটা ঐচ্ছিক।কেউ যদি স্কিম গ্রহণ না করে তাহলে তাকে বাধ্য করা যাবে না।আর আমি কোন ইউনিয়নে এটাকে বাধ্যতামূলক করার আদেশ দেইনি।বিষয়টি আমি খতিয়ে দেখে ব্যবস্থা নিবো।” প্রতিবেদকের কাছে ভুক্তভোগীদের বক্তব্যের রেকর্ড আছে বলার পর তিনি জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ আছেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
উল্লেখ্য বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন করেন।
অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু হয়েছিল। জুলাই মাসের ১ তারিখ থেকে ‘প্রত্যয়’ নামে ৫ম স্কিম চালু হয়েছে।এর মধ্যে এ বছরের জুন মাস পর্যন্ত, সমতা স্কিমে ২ লাখ ২৪ হাজার ১৬৪ জন, প্রগতি স্কিমে ২১ হাজার ২৯৪ জন, সুরক্ষা স্কিমে ৫৬ হাজার ৯১৯ জন এবং প্রবাস স্কিমে ৭৯৯ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের অর্থ থেকে সরকারি ট্রেজারি বন্ডে ৬২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
ওয়েবসাইট থেকে আরও জানা যায়, জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণকে আগ্রহী করতে সরকার প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব, সুশিল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণ করছে।সর্বশেষ সর্বজনীন পেনশন কার্যক্রমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array