Tepantor

জার্মানিতে ব্যাংক ভল্ট ভেঙে ৩০ মিলিয়ন ইউরো লুট

31 December, 2025 : 9:51 am

তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানির পশ্চিমাঞ্চলীয় গেলসেনকিরখেন শহরের একটি সেভিংস ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট ভেঙে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। এতে নগদ অর্থ, সোনা ও গয়নাসহ প্রায় ৩০ মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ লুট করা হয়েছে বলে বুধবার (৩১ ডিসেম্বর) নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

স্পারকাসে সেভিংস ব্যাংকের ওই শাখাটিতে ড্রিল ব্যবহার করে পার্কিং গ্যারেজ থেকে ভূগর্ভস্থ ভল্ট রুমে প্রবেশ করে ডাকাত দল। ভেতরে ঢুকে তারা অন্তত ৩ হাজার সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলে। তদন্তকারীদের ধারণা, ডাকাতরা সপ্তাহান্তের পুরো সময় ব্যাংকের ভেতরে অবস্থান করে এই লুটতরাজ চালিয়েছে।

সোমবার ভোরে ব্যাংকের অগ্নিনির্বাপক সংকেত বেজে উঠলে বিষয়টি জানাজানি হয়। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভল্টে প্রবেশের জন্য তৈরি করা বিশাল গর্তটি দেখতে পান। সিসিটিভি ফুটেজে সোমবার ভোরে হানোভার থেকে চুরি করা লাইসেন্স প্লেট লাগানো একটি কালো অডি আরএস-৬ গাড়িকে গ্যারেজ থেকে বের হতে দেখা গেছে।

পুলিশ কর্মকর্তারা এই ঘটনাকে হলিউড চলচ্চিত্র ‘ওশানস ইলেভেন’-এর সাথে তুলনা করেছেন। তাদের মতে, অত্যন্ত পেশাদার পরিকল্পনার মাধ্যমেই এই অপারেশন চালানো হয়েছে। ডাকাতরা সুকৌশলে গ্রাহকদের গচ্ছিত সম্পদ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ব্যাংক শাখার বাইরে শত শত উদ্বিগ্ন গ্রাহক ভিড় করলেও নিরাপত্তার স্বার্থে ব্যাংকটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানায়, প্রতিটি সেফ বক্সের গড় বীমামূল্য ১০ হাজার ইউরো ধরা হলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। জড়িতদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array