তেপান্তর রিপোর্ট:
দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও জুলাই অভ্যুত্থান পরবর্তী টালমাটাল রাজনৈতিক পথ পাড়ি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার নেতৃত্বে ফিরছে বিএনপি। সংসদীয় রাজনীতির ইতিহাসে প্রজন্মের এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
শপথ অনুষ্ঠানের সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের ‘শপথ কক্ষে’ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। শপথ ঘিরে সংসদ এলাকা ও রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। মিত্র দলগুলোসহ তাদের মোট আসন সংখ্যা ২১২। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোট শরিকরা মিলে পেয়েছে ৭৭টি আসন।
তবে সংসদ সদস্যদের শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে নির্বাচিতদের শপথ নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। সিইসির পাঠানো চিঠিতে দুই ধরনের শপথের কথা উল্লেখ থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের আলোকে সংস্কার পরিষদের শপথের বিষয়টি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারিত হবে।
এর আগে গতকাল বিকেলে তারেক রহমানের গুলশান কার্যালয়ে গিয়ে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি জানান, মন্ত্রিসভার সদস্যদের নাম পাওয়ার পরপরই তাদের আবাসন, নিরাপত্তা ও দাপ্তরিক সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics