Tepantor

কারওয়ান বাজারে পুলিশ-ব্যবসায়ী দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা

4 January, 2026 : 5:26 pm

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর বিরোধিতা এবং আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-র ব্যানারে ব্যবসায়ীরা বাংলামোটর থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করেন। এতে প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। সোয়া ১২টা পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা কাঁঠালবাগান ও বসুন্ধরা সিটি শপিংমলের দিকে অবস্থান নেন। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া সহকর্মীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন আন্দোলনরত ব্যবসায়ীরা।

বর্তমানে কারওয়ান বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীদের একটি অংশ বসুন্ধরা সিটির ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array