তেপান্তর রিপোর্ট:
ভাষাগত বৈচিত্র্য, আন্তঃ সাংস্কৃতিক বোঝাপড়া এবং বৈশ্বিক সম্প্রীতির লক্ষ্যে আম্মাম ট্রাস্ট ও আম্মাম একাডেমির যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী “খেলাই পড়া: খেলতে খেলতে বহু ভাষা শিখুন” শীর্ষক কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি ৩০ এপ্রিল থেকে ২ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন ঢাকার মিরপুরে অবস্থিত ঋদ্ধি’র স্টুডিও হলে অনুষ্ঠিত হয়।
“খেলাই পড়া” ধারণাটি এমন একটি শিক্ষা পদ্ধতি, যেখানে শেখা আর খেলা একসাথে মিশে যায়। এই কর্মশালায় অংশগ্রহণকারীগণ ডিজিটাল কোকেনের আসক্তি ও মোবাইল মনিটর থেকে সাময়িক দূরে থাকতে পেরে স্বস্তি অনুভব করেছে।
কর্মশালাটিতে চাপমুক্ত পরিবেশে ক্যারম, লুডু, দাবা, ডার্ট ও উনো খেলার মাধ্যমে শিশু থেকে বয়স্ক, নারী পুরুষ নির্বিশেষে সবাই খেলতে খেলতে শৈশবের উচ্ছ্বাসে ছুটাছুটি ও প্রতিযোগিতার মাধ্যমে ভোকাব্যুলারি শিখেছে। শেখার ভয় দূর হয়ে ভাষা শেখা হয়ে ওঠে অংশগ্রহণমূলক, আনন্দময় এবং স্বতঃস্ফূর্ত।
উদ্বোধনী বক্তব্যে ব্রাহ্মণবাড়ীয়ার কৃতিসন্তান ও বিশিষ্ট মৃত্তিকাকর্মী জাকিয়া শিশির বলেন, “খেলাই পড়া : খেলতে খেলতে বহুভাষা শিখুন” আম্মাম মডেলের এ কৌশলটি আধুনিক পৃথিবীর জন্য এক সময়োপযোগী উদ্ভাবন। তিনি আম্মাম মডেলকে ভবিষ্যৎ কর্মসংস্থান, সংস্কৃতি সংরক্ষণ এবং সৃজনশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আম্মাম মডেল কেবল ভাষা শেখায় না, এটি ভবিষ্যতের শ্রমবাজার, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি প্রস্তুতিমূলক প্ল্যাটফর্ম তৈরি করে।

প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ রেজা বলেন, এই উদ্যোগের মাধ্যমে কবি আনিস মুহম্মদ বিশ্ব চিন্তায় প্রতিষ্ঠিত ভাষা-দর্শনের বাস্তব প্রয়োগ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, আই এ রিচার্ডস, সি কে ওগডেন, নোয়াম চমস্কি, মিশেল ফুকো এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষা ভাবনার সাথে এর গভীর সম্পর্ক রয়েছে।
আম্মাম মডেলের উদ্বোধক কবি আনিস মুহম্মদ বলেন, এই পদ্ধতিতে পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে ও মনের অজান্তে ছয় হাজার শব্দ ও ছবি স্থায়ী স্মৃতিতে সংরক্ষিত হয়। লেখা, পড়া, শোনা ও বলার সময় স্মৃতি তাৎক্ষণিক ভাবে শিক্ষার্থীকে প্রয়োজনীয় শব্দ সরবরাহ করে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics