Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ‘রামাদান স্পেশাল বাজার’: মাসব্যাপী সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু

18 February, 2026 : 6:24 pm

তেপান্তর রিপোর্ট:

পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর মুক্তমঞ্চ গেটের সামনে ‘রামাদান স্পেশাল বাজার’ শীর্ষক এই বিশেষ স্টলের উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই স্টল থেকে পুরো রমজান মাসজুড়ে বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি মুমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন। এছাড়া গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দও এতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এই বাজারে মুড়ি, ছোলা, খেসারি, ডাল, চিনি, সয়াবিন তেল, খেজুর ও বেসনসহ বিভিন্ন পণ্য মিলবে। প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত এই স্টল খোলা থাকবে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন। পৌর মুক্তমঞ্চ এলাকায় স্থাপিত এই স্টল থেকে সাধারণ মানুষকে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array