তেপান্তর রিপোর্ট:
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কার্যদিবসে দাপ্তরিক কাজ শুরু করছেন তারেক রহমান। এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
বুধবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে অফিস করবেন তিনি। এরপর দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেবেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি তাঁর দাপ্তরিক কার্যালয় হিসেবে প্রস্তুত করা হয়েছে। পাশের ২০০ নম্বর কক্ষটি ব্যবহৃত হবে সভাকক্ষ হিসেবে।
বিকেল ৩টায় নতুন সরকারের মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকার প্রধানের প্রথম কর্মদিবসকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণ করে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ব্যস্ততা বেড়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics