Tepantor

কার্যকর হলো এনইআইআর: আজ থেকে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ ফোন বন্ধ হবে

1 January, 2026 : 11:36 am

অবৈধ হ্যান্ডসেট বন্ধ ও মোবাইল বাজার সচল রাখতে বহুল আলোচিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা কার্যকর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে নেটওয়ার্কে নতুনভাবে যুক্ত হওয়া যেকোনো অবৈধ বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন, বর্তমানে গ্রাহকদের হাতে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেটই আপাতত বন্ধ হবে না। এছাড়া ব্যবসায়ীদের স্টকে থাকা যেসব ফোনের আইএমইআই (IMEI) তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়েছে, সেগুলোও সচল থাকবে। মূলত আজ থেকে বাজারে আসা নতুন ডিভাইসগুলোই এই যাচাই প্রক্রিয়ার আওতায় আসবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা তাদের ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন হ্যান্ডসেট বৈধভাবে দেশে আনতে পারবেন। তবে এগুলো নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি জমা দিতে তিন মাস সময় পাবেন তারা। ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, মোবাইল আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে এনইআইআর বাস্তবায়ন আরও সহজতর হবে।

অবৈধ আমদানির বিরুদ্ধে কড়াকড়ি এই ব্যবস্থার ফলে চুরি হওয়া ফোন উদ্ধার ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করছে বিটিআরসি। তবে কেন্দ্রীয় ডাটাবেজ থাকার কারণে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নজরদারি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে সরকার জানিয়েছে, সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে তথ্যের সুরক্ষায় কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতেও চুরি ও অবৈধ ফোন রোধে এমন ব্যবস্থা প্রচলিত রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।