Tepantor

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ বিএনপির দেশব্যাপী দোয়া মাহফিল

2 January, 2026 : 7:37 am

তেপান্তর রিপোর্ট:

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশের প্রতিটি ইউনিটে সুবিধাজনক সময়ে একই কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিবৃতিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নির্ধারিত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।