Tepantor

ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স: দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

2 January, 2026 : 8:21 am

সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা ৩২২ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতি ডলার ১২২ টাকা বিনিময় হার হিসেবে দেশীয় মুদ্রায় এই আয়ের পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ৩১ দিনে আসা এই বিপুল আয়ের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেই এসেছে সিংহভাগ রেমিট্যান্স। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৯ কোটি ৩৯ লাখ ডলার।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ কোটি ২৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

তবে বিজয়ের এই মাসে ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো— বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। এছাড়া বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বাড়ায় এই উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array