Tepantor

২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের গুনতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত

7 January, 2026 : 10:03 am

তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম আরও কঠিন হচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে বি১/বি২ (ভ্রমণ ও ব্যবসা) ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তালিকায় নতুন করে বাংলাদেশসহ ২৫টি দেশকে অন্তর্ভুক্ত করার পর এই তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে মোট ৩৮টি দেশের নাগরিকরা এই বন্ড ব্যবস্থার আওতায় রয়েছেন। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার (ওভারস্টে) হার বেশি, তাদের ক্ষেত্রে এই শর্ত আরোপ করা হয়েছে। জামানতের এই অঙ্ক নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কনস্যুলার অফিসার।

নিয়ম অনুযায়ী, ভিসা পাওয়ার পর একজন ভ্রমণকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে এই অর্থ জমা দিতে হবে। তবে এটি একটি ফেরতযোগ্য জামানত। ভ্রমণকারী যদি তার অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তবে এই অর্থ ফেরত পাবেন। তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা সেখানে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে (যেমন রাজনৈতিক আশ্রয়) এই টাকা বাজেয়াপ্ত করা হবে।

এছাড়া বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের এখন কেবল নিউইয়র্কের জেএফকে (JFK), ওয়াশিংটন ডুলস (IAD) এবং বোস্টন লোগান (BOS) বিমানবন্দর ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এই তালিকার বাইরে অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে বন্ডের শর্ত ভঙ্গ হতে পারে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।