সীমান্ত খোকন:
ব্রাহ্মণবাড়িয়া শহরে গত ১২ মে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেই মিছিল হয়েছে সেটি নিয়ে শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সাথে পুলিশের কাছে আগে থেকেই এই মিছিলের ব্যপারে তথ্য থাকা স্বত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।
গত ০১ মে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা’কে মিছিল হবে বলে তথ্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী। এরপর ১২ মে সকালে পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকা কোকিল টেক্সটাইল মিলের সামনের সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এই মিছিল শহর জুরে ব্যপাক আলোচিত হয় । জেলখানায় বন্দি থাকা ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী-এমপি ও বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে মিছিলের পর জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী অভিযোগ করে বলেন, মিছিলের ব্যপারে গত ০১ মে আমি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে মিছিল যে হবে সেটি আগেই জানিয়েছিলাম। কিন্তু তা স্বত্বেও তিনি কোনো ব্যবস্থা নেন নি। বিদেশে পলাতক ছাত্রলীগের নেতাদের সাথে দেশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের ভিডিও কলের মাধ্যমে কথা বলে মিছিল করার সিদ্ধান্ত হয়। যারা মিছিল করবে এমন কয়েকজন নেতাকর্মীর নাম ম্যানশন করে সার্কেল এসপি’কে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি।
এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা তেপান্তর’কে বলেন, সমির চক্রবর্তী আমাকে ০১ মে জানিয়েছিলেন মিছিল হবে, কিন্তু মিছিলটি কখন ও কোথায় হবে সেটি তিনি জানান নি। এই তথ্য জানার পর আমরা গোয়েন্দা তৎপরতা শুরু করেছিলাম ও সদর থানার ওসি’কে নির্দেশ দিয়েছিলাম এব্যপারে ব্যবস্থা নিতে।
এব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সদর সার্কেল এসপি এবিষয়ে আমাকে কিছু জানান নি। পুলিশ সুপার বা পুলিশের অন্য কোন সূত্র থেকে এ বিষয়ে ওসি’র কাছে তথ্য ছিলো কিনা জানতে চাইলে ওসি বলেন, কোনো সূত্র থেকেই আমার কাছে কোনো তথ্য ছিলোনা।
উল্লেখ্য, মিছিলের পর ২০ জনকে আসামী করে একটি মামলা করে পুলিশ, এর মধ্যে এক জনকে আটক করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics