Tepantor

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ফাড়ি : মামলা ছাড়া আটক, টাকার বিনিময়ে ছাড়

27 April, 2026 : 3:18 pm

তেপান্তর রিপোর্ট: মামলা ছাড়াই  এক যুবককে আটক করার পর টাকার বিনিময়ে ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ নাসিরের বিরুদ্ধে। গত ২০ এপ্রিল দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আটক যুবকের নাম সানি (৩৪), তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার পোয়া পুকুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ২০ এপ্রিল দিবাগত রাতে  মধ্যপাড়া পোয়া পুকুর এলাকার আরেক বাসিন্দা হৃদয়ের সাথে সানি’র কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এসময় হৃদয়ের মা মনি পুলিশকে ফোন দিলে পুলিশ কিছুক্ষণ পর এসে সানিকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

পরবর্তীতে ঝগড়া হওয়া দুই পক্ষ পুলিশ ফাড়িতে গিয়ে সানিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও ফাড়ির আইসি নাসির ছাড়তে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এসপি স্যার জেনে গেছেন, এখন আর ছাড়া যাবেনা। এই কথা বলার কিছুক্ষণ পরই ১৫ হাজার টাকার বিনিময়ে সানিকে পুলিশ ছেড়েছে বলে অভিযোগ করেছেন সানি।

সানি আরও অভিযোগ করে বলেন, পুলিশ আমাকে আটক করে ফাড়িতে নেওয়ার  সময় গাড়িতে আমাকে শারীরিক নির্যাতন করেছে। হাতের হ্যান্ডকাফ শক্ত করে পড়ানোয় হাত কেটে গেছে, ফাড়িতে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে বসিয়ে রেখেছে। আমি এসব বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করবো।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ নাসির সানিকে আটক করে ফাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে টাকা নিয়ে সানিকে ছাড়ার অভিযোগটি তিনি নাকচ করেছেন। তিনি জানান, এই ঘটনায় কোনো মামলা হয়নি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array