Tepantor

জকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা: ভিপি রিয়াজুল, জিএস আব্দুল আলিম

8 January, 2026 : 6:24 am

তেপান্তর ক্যাম্পাস প্রতিবেদক | ঢাকা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১টায় ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) ১৫টি আসনেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি পদগুলোর মধ্যে ৫টিতে ছাত্রদল এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ভিপি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। এছাড়া এজিএস পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।

ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ তাকরিম আহম্মেদ, পরিবহন সম্পাদক পদে মোহাম্মদ মায়েদ হোসেন এবং পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ রিয়াসাল রাকিব। সদস্যদের মধ্যে জাহিদ হাসান একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হতে সক্ষম হয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে শিবিরের এই আধিপত্যকে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array