তেপান্তর রিপোর্ট:
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে মিলন নামে এক রেস্তোরাঁকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং ঘটনার পর আত্মগোপনে থাকার তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা’র একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাতেমার বাবা সজীব মিয়া বনশ্রী এলাকায় একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। গ্রেপ্তার মিলন ওই রেস্তোরাঁতেই কাজ করতেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় সিসি ক্যামেরায় মিলনকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকে বাধা দেওয়ায় ফাতেমাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে ধর্ষণের কোনো আলামত রয়েছে কি না তাও পরীক্ষা করা হচ্ছে। র্যাবের এই দ্রুত পদক্ষেপে নৃশংস এই হত্যাকাণ্ডের জট খুলবে বলে আশা করা হচ্ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics