তেপান্তর রিপোর্ট:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই অভিবাসন নীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে বৈধ ও অবৈধ অভিবাসীরা। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকেই অভিবাসন নিয়ে যে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিল, এই পরিসংখ্যান তারই প্রতিফলন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার প্রায় ১৫০ শতাংশ বেড়েছে। বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৫০০টি বিশেষ ভিসা বাতিল করা হয়েছে। অনেক ক্ষেত্রে বৈধ ভিসা থাকা সত্ত্বেও ব্যক্তিদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (Overstay), মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (DUI), সহিংসতা এবং চুরির মতো অপরাধে যুক্ত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার লক্ষ্যে এই বহিষ্কার প্রক্রিয়া এবং নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics