Tepantor

ফুটবল বিশ্বের সোনালি স্বপ্ন এখন ঢাকায়: ট্রফি দেখার সুযোগ শুধু আজই

14 January, 2026 : 9:52 am

তেপান্তর ক্রীড়া প্রতিবেদক | ঢাকা:

আবারও ফুটবলের আদি উন্মাদনা নিয়ে ঢাকায় পা রাখছে ফিফা বিশ্বকাপ ট্রফি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বৈশ্বিক সফরের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারি) ভারত থেকে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের এই নিরেট স্বর্ণের ট্রফি।

২০০২, ২০১৩ ও ২০২২ সালের পর এটি বাংলাদেশে আসল ট্রফিটির চতুর্থ সফর। এবার ট্রফির সঙ্গী হিসেবে ঢাকায় থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আজ সকাল ১০টায় বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লু-তে।

সাধারণ দর্শকদের জন্য এটি দেখার সুযোগ থাকলেও থাকছে কঠোর সীমাবদ্ধতা। কেবল কোকা-কোলার নির্দিষ্ট ক্যাম্পেইনের বিজয়ীরাই দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফিটি কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। তবে ফিফার কঠোর প্রটোকল অনুযায়ী, বিশ্বকাপজয়ী ফুটবলার ও রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো জন্য এই ট্রফি স্পর্শ করা আইনত নিষিদ্ধ।

নিরাপত্তার স্বার্থে প্রদর্শনীস্থলে ব্যাগ, ধূমপান বা কোনো দেশের জাতীয় পতাকা বহন করা যাবে না। ভেন্যুতে প্রবেশের জন্য বৈধ টিকেটের কপি দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

গত ৩ জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হওয়া এই ১৫০ দিনের বিশ্বভ্রমণ শেষে আগামী ১২ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। ঢাকা সফর শেষ করে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।