Tepantor

কথা রাখল না এনসিটিবি: এখনো ছাপা বাকি ১ কোটি বই, ২৫ লাখ বাতিল

16 January, 2026 : 8:53 am

তেপান্তর রিপোর্ট:

নতুন শিক্ষাবর্ষের ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মাধ্যমিকের ১ কোটির বেশি শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি পাঠ্যবই। শিক্ষা উপদেষ্টার দেওয়া নির্ধারিত সময়সীমা (১৫ জানুয়ারি) পার হলেও ঢাকা মহানগরসহ সারা দেশের উপজেলাগুলোতে বই ছাড়াই চলছে ক্লাস। একদিকে বইয়ের তীব্র সংকট, অন্যদিকে নিম্নমানের ছাপার অজুহাতে ২৫ লাখ বই কেটে বিনষ্ট করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ শিক্ষাবর্ষে বিপুল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে শতাধিক ছাপাখানা নিম্নমানের কাগজ ব্যবহার শুরু করে। পরিদর্শন দল অভিযানে গিয়ে মাধ্যমিকের ২৫ লাখ এবং প্রাথমিকের ১৭ লাখ বইয়ে ত্রুটি শনাক্ত করে সেগুলো বাতিল ও নষ্ট করে দেয়। সব মিলিয়ে ৪২ লাখ বই বাতিলের ধাক্কায় বিতরণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে এনসিটিবি এখন আরও ১৫ দিন বাড়তি সময় চাইছে। সংস্থাটির দাবি, ৩০ জানুয়ারির মধ্যে বই পৌঁছে দিলে সেটি হবে এক বড় অর্জন। অথচ গত ২৮ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের আশ্বাস দিয়েছিলেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, কয়েক বছর ধরে ছাপাখানাগুলো সিন্ডিকেট করে শেষ সময়ে চুক্তি সই করে। এতে করে তাড়াহুড়ার সুযোগ নিয়ে নিম্নমানের কাগজে বই ছাপিয়ে সরকারের শত শত কোটি টাকা পকেটস্থ করে তারা। জনতা প্রেসের মালিক নজরুল ইসলাম কাজলের এক অডিও রেকর্ডে স্বীকারোক্তি মিলেছে যে, বিগত এক যুগ ধরে এভাবেই নিম্নমানের কাগজে বই ছাপানো হচ্ছে।

ইন্সপেকশন কোম্পানির কর্মকর্তারা জানান, কেবল মাধ্যমিক স্তরেই ৩ হাজার টন নিম্নমানের কাগজ বাতিল করা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত ৬৭টি ছাপাখানাকে চিহ্নিত করা হয়েছে যারা নিম্নমানের কাগজ ও বাঁধাই নিয়ে নয়ছয় করার চেষ্টা করছিল। বই বিতরণে দেরি হওয়ায় সারা দেশের কোটি শিক্ষার্থীর পড়াশোনায় মারাত্মক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।