বৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৪ হাজার ৮২৫ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের এক পর্যায়ে তা ৪ হাজার ৮৩৫ দশমিক ৬৯ ডলার পর্যন্ত ওঠে, যা ইতিহাসে সর্বোচ্চ।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিরাপদ বিনিয়োগ হিসেবে বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। আন্তর্জাতিক বাজারের এই উত্তাপের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়তে থাকায় বিনিয়োগকারীরা মুদ্রার পরিবর্তে স্বর্ণ মজুত করাকে নিরাপদ মনে করছেন। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিদ্যমান থাকায় দাম কমার কোনো আভাস আপাতত নেই।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics