তেপান্তর রিপোর্ট:
ঢালিউডের সোনালী যুগের দাপুটে অভিনেতা ও কিংবদন্তি নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ (৮২) পরলোকে পাড়ি জমিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাভেদ দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করা এই শিল্পী ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমায় অভিনয়ের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। ‘নিশান’, ‘মালকা বানু’, ‘শাহজাদী’, ‘রাজকুমারী চন্দ্রবান’ এবং ‘কাজল রেখা’র মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।
অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রখ্যাত নৃত্য পরিচালক। সত্তর ও আশির দশকে ‘পোশাকি সিনেমার রাজা’ হিসেবে খ্যাত এই অভিনেতা শাবানা, ববিতা ও রোজিনাসহ তৎকালীন শীর্ষ নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। গুণী এই শিল্পীর বিদায়ে একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics