নিজস্ব প্রতিবেদক, রংপুর:
জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মিলে কার্যত সরকার গঠন করেছে এবং তাদের অধীনেই আগামী নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার ও এই দুই দল মিলে নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণ করছে, যার ফলে নির্বাচনী ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা অবশিষ্ট নেই।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন ‘স্কাইভিউ’তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন।
জিএম কাদের বলেন, “বর্তমান সরকার, এনসিপি ও জামায়াত মিলে নির্বাচনের পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে। এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সুযোগ নেই। আমাদের অনেক প্রার্থী এলাকায় যেতে পারছেন না, অনেকে জেলখানা থেকে নির্বাচনে লড়ছেন এবং অনেকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
দলীয় সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারকে নিয়োগ দিয়েছে ছাত্র-সমন্বয়করা। আবার সরকারের পৃষ্ঠপোষকতায় সেই সমন্বয়করাই দল (এনসিপি) গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে জামায়াত নিজেদের এই সমন্বয়কদের অভিভাবক হিসেবে দাবি করছে। ফলে সরকার, এনসিপি ও জামায়াত এখন একীভূত হয়ে নির্বাচন পরিচালনা করছে। সব দলের অংশগ্রহণ ও সমান সুযোগ না থাকায় এই নির্বাচনকে কোনোভাবেই অংশগ্রহণমূলক বলা যায় না।
আসন্ন গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান দেশবাসীকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সরকার সরকারি অর্থ ও লোকবল ব্যবহার করে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জিএম কাদের বলেন, “যারা গণভোটে না-ভোটের প্রচার করছে, তাদের ফ্যাসিবাদী দোসর বলা হচ্ছে। যদি না-ভোটের সমর্থকরা স্বৈরাচারের দোসর হয়, তবে যারা প্রভাব খাটিয়ে হ্যাঁ-ভোট নিশ্চিত করতে চায় তারা নাৎসিবাদী দোসর।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার গণভোটে ম্যান্ডেট পাওয়ার দোহাই দিয়ে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার পথ খুঁজছে। সংস্কারের নামে তারা ছয় মাস, ছয় বছর এমনকি ৬০ বছরও ক্ষমতা আঁকড়ে থাকতে পারে। এতে সংসদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি জনগণকে সতর্ক থাকার এবং গণভোটে ‘না’ জয়ী করার আহ্বান জানান।
বিগত দেড় বছরের শাসনামলের সমালোচনা করে জিএম কাদের আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে কর্মসংস্থান নেই, নিরাপত্তা নেই। আমাদের গর্বের দেশটিকে বাঁচাতে হলে এই অসম ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics