
তেপান্তর রিপোর্ট: সরকারি দিঘি ভরাট করছে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক। এই খবর পেয়ে ম্যাজিস্ট্রেট গিয়ে কাজ বন্ধ করে দেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে ভবিষ্যতে এই অবৈধ কাজ না করার মুচলেকা দেন। কিন্তু এক রাত পার হতেই আবারও শুরু হয়েছে দিঘি ভরাট। দিঘি ভরাটের বালু আসছে ড্রেজারের মাধ্যমে তিতাস নদী থেকে, যা সম্পূর্ণ অবৈধ। এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের।
মজলিশপুর গ্রামের ঋষি বাড়ি-সংলগ্ন দিঘিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। গত ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার সেখানে গিয়ে অভিযান চালিয়ে সেটিকে ভরাট করা থেকে রক্ষা করেন। হারাধন ঋষি (৬৫) ও শ্যামল ঋষি (৪৩)-সহ পশ্চিমপাড়া ঋষি সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক ব্যক্তি মুচলেকা দেন বলে জানা গেছে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পরের দিন, ১৯ জুলাই সকাল ১১টায় আবারও শুরু হয় বালু ভরাট।
এদিকে, এই দিঘি ভরাট করার কাজে বালু দিয়ে সহযোগিতা করছেন ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার। তিনি প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করে অবৈধভাবে তিতাস নদীর মজলিশপুর বাজার-সংলগ্ন অংশ থেকে বালু তুলে ওই দিঘি ভরাটের কাজে সহায়তা করছেন। এই আনোয়ারকে আবার সহযোগিতা করছেন মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান। শুধু চেয়ারম্যানই নন, এই কাজে মাদক ব্যবসায়ী আনোয়ারকে সহযোগিতা করছেন একজন ইউপি সদস্য, যিনি সম্পর্কে আনোয়ারের ফুফাতো ভাই। সাধারণ একজন দিনমজুর থেকে মাদক ব্যবসার মাধ্যমে কোটিপতি বনে যাওয়া আনোয়ার এখন শুরু করেছে অবৈধ ড্রেজার ব্যবসা।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মজলিশপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। তবে মাদক ব্যবসায়ী আনোয়ারকে সহযোগিতা করার বিষয়টি তিনি এড়িয়ে গেছেন।
জানতে চাইলে ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার জানান, অভিযান চালিয়ে দিঘি ভরাট বন্ধ করা হয়েছিল। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এখন শুনলাম, পরের দিন নাকি আবার তারা ভরাটের কাজ শুরু করেছে। এই অবস্থা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics