দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। মানভেদে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়িয়ে ভালো মানের তথা ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। বুধবার (২৮ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের দাম এর আগে কখনো এই পর্যায়ে পৌঁছায়নি। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জানায়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে ক্রেতাদের নির্ধারিত মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির হারে পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics